তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁ দা বা জি র অভিযোগে ছাত্রদল নেতা আটক
তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁ দা বা জি র অভিযোগে ছাত্রদল নেতা আটক
প্রতিবেদক: তাহিরপুর উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে তালহা আহমেদ অভি (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক তালহা আহমেদ অভি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
পলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে দীর্ঘদিন ধরে তালহা আহমেদ অভির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি করা হয়েছে—এমন অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিকেলে সুলেমানপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, ‘তালহার বিরুদ্ধে পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। এ ছাড়া তার বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছেন। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে।’
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসনাত চৌধুরী বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে স্থানীয় এলাকাবাসী তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।’
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
